৪.০০ স্কেলের ফলাফলে ৯৫.৭৫% নম্বর অর্জন; ভবিষ্যৎ লক্ষ্য ‘স্ট্র্যাটেজিক এইচআর ও লিগ্যাল কনসালট্যান্ট’ হওয়া
প্রফেশনাল ইনস্টিটিউট ‘চার্টার্ড অফিসার্স লিমিটেড’ থেকে ‘পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ (PGD-HRM) কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন কুমিল্লা ক্যাম্ব্রিয়ান কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক রেজাউল হায়াত শান্ত। প্রকাশিত ফলাফলে তিনি অনন্য কৃতিত্বের পরিচয় দিয়ে ৪.০০ সিজিপিএ স্কেলের মধ্যে ৩.৮৩ সিজিপিএ (৯৫.৭৫ শতাংশ নম্বর) অর্জন করেছেন।
রেজাউল হায়াত শান্ত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে বিবিএ প্রফেশনাল (ইংরেজি ভার্সন) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) সাথে যুক্ত হন এবং বর্তমানে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী এলএলবি (অনার্স) কোর্সে অধ্যয়ন করছেন। এর আগে তিনি কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।
শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তাঁর প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে। কুমিল্লা ক্যাম্ব্রিয়ান কলেজে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পূর্বে তিনি চট্টগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারে “অ্যাডমিন অফিসার” হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক জীবনে তাঁর মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা সাবেক সরকারি কর্মকর্তা।
ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে রেজাউল হায়াত শান্ত বলেন, “আধুনিক করপোরেট বিশ্ব ও শিক্ষাব্যবস্থা—উভয় ক্ষেত্রেই মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আইনি জ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। এই প্রফেশনাল কোর্স থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের আরও বাস্তবমুখী ও করপোরেট-রেডি উপায়ে দিকনির্দেশনা দিতে সাহায্য করবে।”
তিনি আরও জানান, শিক্ষা, মানবসম্পদ ও করপোরেট আইনের সমন্বয়ে নিজেকে ‘স্ট্র্যাটেজিক এইচআর ও লিগ্যাল কনসালট্যান্ট’ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। আগামীতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও করপোরেট ল’ বিষয়ে উচ্চতর গবেষণা ও পিএইচডি করার ইচ্ছা রয়েছে তাঁর।