রাষ্ট্রীয় বিমান চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার আবদার হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।
এছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয়ই প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এসব তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে সরকার ও ট্রাইব্যুনাল।