চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া এলাকায় অবস্থিত সায়রা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সায়রা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রহমতউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ফুটবলার মো. আবুল কালাম আজাদ। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার আহ্বায়ক এবং দৈনিক ভোরের আওয়াজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) চাঁদপুর জেলা শাখার নির্বাহী সভাপতি ডাক্তার মো. জাহাঙ্গীর হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্যা চৌধুরী এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও মিঠুন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম হাওলাদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সাঁতারু মোহাম্মদ সানাহ উল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাহেদ রায়হান (কালু), সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাঝি এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ লুৎফুর রহমান জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক ও বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. নাজির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া আক্তার লামিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা দীপা বেগম এবং সহ-প্রকাশনা ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক নাজমা বেগম।
বক্তারা বলেন, রমজানের প্রাক্কালে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া একটি মহতী উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ সায়রা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা সামগ্রী তুলে দেন।