ভুক্তভোগী সাংবাদিক অনিক খান বলেন, ‘নতুন জরিপের কাজে বাবার জমির খারিজের তথ্য খুব জরুরি ছিল। সাধারণ ভূমিসেবা ও নিজের জমির তথ্য পেতেও যদি বারবার তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সহজে সরকারি সেবা পাবেন?’
পরবর্তীতে অভিযোগের বিষয়ে নায়েব আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে আমি তাদের চিনতে পারিনি।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’
এ ছাড়া কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন এবং এ বিষয়ে তাকে না জড়ানোর কথা বলেন।
নায়েব আবুল কালামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত কয়েক দিন আগে ‘এশিয়ান টেলিভিশন’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর ঘুষ লেনদেনসংক্রান্ত একটি সংবাদের বিষয়ে বক্তব্য নিতে গেলে নায়েব আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
সরকারি কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও সংবাদকর্মীদের প্রতি হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।